দেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে সমৃদ্ধির পথে নিয়েছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল
প্রকাশিত: জানুয়ারী ১৯, ২০২৬, ১২:৪১ দুপুর
ছবি: সংগৃহিত
বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে চিহ্নিত করা অবস্থান থেকে টেনে তুলে একটি সমৃদ্ধির অর্থনীতির ভিত্তি গড়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৯ জানুয়ারি) জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমান একটি অবিচ্ছেদ্য নাম। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাতন্ত্র্য নিশ্চিত করেছিলেন। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশকে তিনি ঘুরে দাঁড়ানোর পথ দেখান। সেই অবদান স্মরণ করতেই প্রতি বছর আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তার আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করি।
ছাত্র-জনতার অভ্যুত্থান প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এই গণআন্দোলনের মধ্য দিয়েই আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা এসেছে এবং ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে। এখন ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনর্গঠন করা এবং গণতন্ত্রকে নতুন করে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আজ এখানে শপথ নিয়েছি। বিএনপি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে।
বিএনপির প্রার্থীদের মনোনয়ন বাতিলের বিষয়ে মির্জা ফখরুল বলেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় কিছু জটিলতা থাকা অস্বাভাবিক নয়। এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে আমরা মোটামুটি যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করতে দেখছি। আমাদের যে আপত্তি ও সমস্যাগুলো ছিল, সেগুলো আমরা ইতোমধ্যে ইসির কাছে তুলে ধরেছি। আশা করছি, কমিশন নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।
বাংলাধারা/এসআর
