বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসায় বন্ড বাধ্যতামূলক
প্রকাশিত: জানুয়ারী ১৯, ২০২৬, ০৪:৪৫ দুপুর
ছবি: সংগৃহিত
বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ এখন আরও কঠোর শর্তের মুখে পড়ছে। আগামী ২১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা, অর্থাৎ বি১/বি২ ক্যাটাগরিতে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। এ নিয়ম অনুযায়ী, ভিসা অনুমোদনের পর আবেদনকারীদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে ইউএস অ্যাম্বেসি ঢাকা এই তথ্য জানিয়েছে। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ২১ জানুয়ারির পর যেসব বাংলাদেশি নাগরিক বি১/বি২ ভিসার জন্য অনুমোদিত হবেন, কেবল তাদের ক্ষেত্রেই এই শর্ত প্রযোজ্য হবে। এর আগে ইস্যু করা বৈধ ভিসাধারীদের ওপর নতুন নিয়ম কার্যকর হবে না।
দূতাবাস স্পষ্ট করেছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ড জমা দেওয়া যাবে না। আগাম অর্থ পরিশোধ ভিসা পাওয়ার কোনো নিশ্চয়তা দেয় না। পাশাপাশি তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা মধ্যস্থতাকারীর মাধ্যমে বন্ড পরিশোধের ক্ষেত্রে প্রতারণার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থ ফেরতযোগ্য নয়। তবে ভিসার সব শর্ত যথাযথভাবে অনুসরণ করলে নির্ধারিত সময় শেষে বন্ডের অর্থ আবেদনকারীকে ফেরত দেওয়া হবে।
ভিসা বন্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা যুক্তরাষ্ট্র দূতাবাসের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাধারা/এসআর
