‘বসন্ত এলে কুহু কুহু ডাক’: পঞ্চগড়ে নির্বাচনী জনসভায় জামায়াত আমিরের কটাক্ষ
প্রকাশিত: জানুয়ারী ২৩, ২০২৬, ০২:১৬ দুপুর
ছবি: সংগৃহিত
পঞ্চগড়ে নির্বাচনী জনসভায় ১০ দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা ১০ দলের জোটকে ভোট দিন, আমাদের পার্লামেন্টে পাঠান, যাতে আমরা সরকার গঠন করতে পারি। আমরা কথা দিচ্ছি- শুধু নদীর জীবনই ফিরবে না, মানুষের জীবনেও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে, ইনশাল্লাহ।’
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
নদী ধ্বংসের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশের চারটি প্রধান নদীকে খুন করা হয়েছে। এসব নদীর কি মা-বাবা ছিল না? তাহলে আমাদের নদীগুলো মারা গেল কেন? তারা পাঁচ বছরে একবার আসে, আর বাকি সাড়ে চার বছর হারিকেন জ্বালিয়েও তাদের খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কোকিলের মতো বসন্তকালে এসে “কুহু কুহু” ডাক শুরু করে।’
উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে ড. শফিকুর রহমান বলেন, ‘মহান আল্লাহর ওপর ভরসা করে বলতে চাই, উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট। আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলে এই অঞ্চলের চেহারা বদলে যাবে, ইনশাল্লাহ। এখানকার মাটি উর্বর, এই এলাকা পিছিয়ে থাকার কোনো কারণ নেই। ষড়যন্ত্র করে, বঞ্চিত করে এ অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শুধু পঞ্চগড় নয়, বাংলাদেশের ৬৪ জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। যারা চুরি করে লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার করেছে, ওগুলো তাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে হলেও বের করে আনা হবে, ইনশাল্লাহ। ভবিষ্যতে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না।’
জনসভায় উপস্থিত শহীদ পরিবারের সদস্য, ২৪-এর জুলাই যোদ্ধা ও ১৯৭১-এর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আজকের জনসভায় শহীদ পরিবারের সদস্যরা, জুলাই যোদ্ধা এবং ৭১-এর বীরেরা উপস্থিত আছেন। আমরা আপনাদের সবার কাছে ঋণী। দেশ সেবার সুযোগ পেলে, সরকার গঠনের সুযোগ পেলে, সর্বশক্তি দিয়ে আপনাদের সম্মান করব এবং এই ঋণ পরিশোধের চেষ্টা করব।’
জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হুসাইনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, ১০ দলীয় জোটের পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম এবং পঞ্চগড়-২ আসনের প্রার্থী সফিউল আলমসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা।
বক্তব্য শেষে ড. শফিকুর রহমান পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের হাতে শাপলা কলি প্রতীক এবং পঞ্চগড়-২ আসনে প্রার্থী সফিউল আলমের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।
বাংলাধারা/এসআর
