সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন করেনি পরিবার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
প্রকাশিত: জানুয়ারী ২৫, ২০২৬, ০৮:২১ রাত
ফাইল ছবি
স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি নিয়ে সাম্প্রতিক আলোচনার প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, এ ঘটনায় সাদ্দামের পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির জন্য কোনো লিখিত আবেদন করা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবারের মৌখিক অভিপ্রায়ের ভিত্তিতে মানবিক বিবেচনায় যশোর কেন্দ্রীয় কারাগারের জেলগেটে সাদ্দামের স্ত্রী ও সন্তানের মরদেহ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ ক্ষেত্রে যশোর জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এ বিষয়ে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যশোর জেলা প্রশাসক বা কারা কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে- এমন যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।
বিজ্ঞপ্তিতে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, গণমাধ্যমগুলো দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণের তথ্য জানার অধিকার সমুন্নত রাখবে।
বাংলাধারা/এসআর
