ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

দুই মাস পর ফের চালু হলো জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ২৫, ২০২৬, ০৮:২৬ রাত  

ফাইল ছবি

দীর্ঘ প্রায় দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে সেবাটি আবার সচল করা হয় বলে জানিয়েছে ইসি। এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখার পেছনে মূল কারণ হিসেবে পোস্টাল ভোটের নিবন্ধন ও প্রার্থীদের চূড়ান্ত করার বিষয়টি উল্লেখ করেছেন এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন হয়েছে। স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই আজ থেকে এনআইডি সংশোধন সেবা পুনরায় চালু করা হয়েছে।

এতদিন কেন এই সেবা বন্ধ রাখা হয়েছিল- এমন প্রশ্নের জবাবে এনআইডি মহাপরিচালক জানান, এ সময় আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) এবং ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইপিসিভি) ব্যবস্থাপনা নিয়ে বড় পরিসরে কাজ চলছিল। ওইসব নিবন্ধন সম্পন্ন করতে গিয়ে সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম স্থগিত রাখা হয়। পাশাপাশি নির্বাচনের মাঠে প্রার্থীদের চূড়ান্ত করাও এ সিদ্ধান্তের অন্যতম কারণ ছিল।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনআইডি সংক্রান্ত ভুল তথ্য প্রদান বা অনাকাঙ্ক্ষিত পরিবর্তন ঠেকাতে গত বছরের ২৪ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন। নতুন নির্দেশনার মাধ্যমে আজ থেকে সাধারণ জনগণের জন্য সেবাটি পুনরায় উন্মুক্ত করা হলো।


বাংলাধারা/এসআর