শিক্ষক-কর্মচারীদের জানুয়ারির বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা
প্রকাশিত: জানুয়ারী ২৫, ২০২৬, ১০:০০ রাত
ছবি: সংগৃহিত
এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের চলতি জানুয়ারির বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠাতে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার (২৫ জানুয়ারি) প্রকাশিত এ নির্দেশনায় জানানো হয়, মাউশি অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত জনবলের এমপিও অর্থ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইএফটি ব্যবস্থায় পরিশোধের কার্যক্রম শুরু হয়েছে।
নির্দেশনায় বলা হয়, জুলাই ২০২৫ পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে সরাসরি এমপিও অর্থ পাঠানো হয়েছে। পরবর্তীতে আগস্ট ২০২৫ থেকে প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে অনলাইনে বিল সাবমিট করার ব্যবস্থা চালু করা হয়।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে প্রতিষ্ঠানের এমপিও কার্যক্রমে ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস (EMIS) সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে বিল দাখিল করতে হবে। প্রতিটি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য বিধি অনুযায়ী প্রাপ্য এমপিও অর্থ নির্ধারণ করে আলাদাভাবে বিল সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া কোনো শিক্ষক-কর্মচারীর মৃত্যু, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতির কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তনের প্রয়োজন হলে তা বিল দাখিলের সময় যথাযথভাবে উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট মাসে বিধিমোতাবেক প্রাপ্যতা নির্ধারণ করেই বিল সাবমিট করতে হবে।
নির্দেশনায় আরও সতর্ক করে বলা হয়, ইএফটির মাধ্যমে এমপিও অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ভুল তথ্যের কারণে বেতন পরিশোধে জটিলতা সৃষ্টি হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকেই বহন করতে হবে।
বাংলাধারা/এসআর
