নির্বাচন সামনে রেখে দেশের সব হাসপাতালের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা
প্রকাশিত: জানুয়ারী ২৬, ২০২৬, ১১:০১ রাত
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে সারাদেশে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনকে ঘিরে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বিশেষ সতর্কতা ও পূর্ণ প্রস্তুতির মধ্যে থাকতে হবে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনা অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে প্রতিটি সিটি করপোরেশনে ৬টি, বিভাগীয় পর্যায়ে ৪টি, জেলা পর্যায়ে ৩টি, উপজেলা পর্যায়ে ২টি এবং ইউনিয়ন পর্যায়ে ১টি করে মেডিকেল টিম গঠন করতে হবে। জনবলের প্রাপ্যতা ও প্রয়োজন বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা স্বাস্থ্য প্রশাসক মেডিকেল টিমের সদস্য নির্ধারণ করবেন।
নির্বাচনকে সামনে রেখে হাসপাতালের জরুরি বিভাগে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত চিকিৎসক, নার্স ও সহায়ক জনবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব সময় পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রধানদের কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কোনো কারণে প্রতিষ্ঠানপ্রধান ছুটিতে থাকলে যোগ্য কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করে তার নাম, পদবি ও মোবাইল নম্বর স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করতে হবে।
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে এসব প্রতিষ্ঠানে চিকিৎসকের সার্বক্ষণিক উপস্থিতিতে জরুরি বিভাগ চালু রাখতে হবে।
রোগী রেফার্ডের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি রোগী ও স্বজনদের যথাযথ কাউন্সেলিং করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী চিকিৎসাসেবা প্রদান করতে হবে।
এ ছাড়া নির্বাচনকালীন সময়ে জরুরি বিভাগ, অন্তঃবিভাগ, ল্যাবরেটরি, ক্যাথল্যাব, ডায়ালাইসিস সেন্টার, সিটি স্ক্যান ও এমআরআই সেন্টার নিয়মিতভাবে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় ও সিভিল সার্জন কার্যালয়ে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রেখে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বাংলাধারা/এসআর
