ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

বিশ্বকাপ বয়কটের আহ্বান সাবেক ফিফা সভাপতি ব্লাটারের

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ২৭, ২০২৬, ০৮:৫৯ রাত  

ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিতর্ক আরও জোরালো হচ্ছে। স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি, অভিবাসন নীতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবার সরাসরি বিশ্বকাপ বয়কটের আহ্বান জানিয়েছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার।

এক্সে দেওয়া এক পোস্টে ব্লাটার বলেন, যুক্তরাষ্ট্রে গিয়ে স্টেডিয়ামে খেলা দেখার চেয়ে টেলিভিশনে বসে ম্যাচ উপভোগ করাই নিরাপদ ও যুক্তিসংগত। ভক্তদের উদ্দেশে তার পরামর্শ- যুক্তরাষ্ট্র এড়িয়ে চলা। তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান নীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে এ আহ্বানের মূল কারণ হিসেবে উল্লেখ করেন।

ব্লাটার তার পোস্টে সুইস আইনজীবী মার্ক পিথের বক্তব্যের সঙ্গেও একমত পোষণ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পিথ বলেন, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমর্থকদের জন্য উদ্বেগজনক। তিনি জানুয়ারির শুরুতে মিনিয়াপলিসে ইমিগ্রেশন এজেন্টের গুলিতে বিক্ষোভকারী রেনি গুড নিহত হওয়ার ঘটনা এবং গত সপ্তাহে আরেক মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেত্তির মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরেন। এসব ঘটনাকে যুক্তরাষ্ট্রে না যাওয়ার যৌক্তিক কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

বিশ্বকাপ বয়কটের প্রসঙ্গে এর আগেও কথা বলেছেন জার্মান ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওকে গটলিশ। গত সপ্তাহে তিনি মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ বর্জন নিয়ে গুরুত্ব সহকারে ভাবার সময় এসেছে। একই মত দিয়েছেন সুইস আইনজীবী মার্ক পিথও।

এদিকে, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও বিভিন্ন নিষেধাজ্ঞা বিশ্বকাপ ঘিরে উদ্বেগ আরও বাড়িয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কার কঠোর ভিসা নীতির ধারাবাহিকতায় কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা রয়েছে। আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল ও আইভরি কোস্ট নিষেধাজ্ঞার তালিকায় থাকায় তাদের সমর্থকদের ভ্রমণ অনিশ্চিত হয়ে পড়েছে। একইভাবে ইরান ও হাইতির সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়েও জটিলতা রয়েছে।

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে এমন পরিস্থিতি বিশ্বকাপের সার্বজনীন উৎসবমুখর পরিবেশকে প্রশ্নের মুখে ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

বাংলাধারা/এসআর