কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ জানায়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত: জানুয়ারী ২৮, ২০২৬, ০৮:০৯ রাত
ছবি: সংগৃহিত
বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বেগ জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একই সঙ্গে তিনি বলেছেন, ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে প্রত্যাহারের সিদ্ধান্তের পেছনে কোনো নির্দিষ্ট বার্তা বা সংকেত রয়েছে কি না- তা স্পষ্ট নয়।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ ছাড়ার বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কার কথা আমাদের জানানো হয়নি। বাস্তবতা হলো, এখানে এমন কোনো পরিস্থিতি নেই, যেখানে কূটনীতিক বা তাঁদের পরিবারের সদস্যরা ঝুঁকিতে রয়েছেন। এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনাও ঘটেনি।
তিনি আরও বলেন, এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তারা চাইলে তাদের কর্মীদের পরিবার ফিরিয়ে নিতে পারে। তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে- তার কোনো সুস্পষ্ট কারণ আমি খুঁজে পাইনি। এটি কোনো বার্তা দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে কি না, সেটাও পরিষ্কার নয়।
বর্তমান নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, সামগ্রিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এখন পর্যন্ত কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি। অতীতের নির্বাচনকালীন সময়ের সঙ্গে তুলনা করলে সংঘর্ষ বা সহিংসতা বেড়েছে- এমনটাও আমার মনে হয় না। এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যার কারণে এ ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল।
ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন আগাম কোনো নিরাপত্তা উদ্বেগ জানিয়েছিল কি না- এ প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, “না, তারা আমাদের কাছে কোনো নিরাপত্তা উদ্বেগের কথা জানায়নি।”
বাংলাধারা/এসআর
