ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ঢাকাসহ তিন জেলায় মোতায়েন হচ্ছে ৩৮ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ২৮, ২০২৬, ০৮:১৯ রাত  

ছবি: সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদারে রাজধানী ঢাকাসহ তিনটি জেলায় ৩৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে এই মোতায়েন কার্যক্রম শুরু হবে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৩৮ প্লাটুন সদস্য নির্বাচনকালীন নিরাপত্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুইটি আসনে ৬ প্লাটুন, ফরিদপুর জেলার চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জ জেলার তিনটি আসনে ৮ প্লাটুন মোতায়েন থাকবে।

নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি, গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে আকাশপথে সহায়তার জন্য হেলিকপ্টারও প্রস্তুত থাকবে। নির্বাচনী দায়িত্ব পালনে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, এপিসি ও আধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহারের কথা জানানো হয়। পাশাপাশি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান আরও বলেন, এবারের নির্বাচনে বিজিবির ভোটকেন্দ্রে প্রবেশের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। প্রিজাইডিং অফিসারের অনুরোধে অথবা সহিংসতা কিংবা জাল ভোটের আশঙ্কা দেখা দিলে বিজিবি তাৎক্ষণিকভাবে কেন্দ্রে প্রবেশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

তিনি আশা প্রকাশ করেন, সরকার, নির্বাচন কমিশন ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

 

বাংলাধারা/এসআর