রাজশাহীতে তারেক রহমান: ধানের শীষ বিজয়ী হলে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণের দিন
প্রকাশিত: জানুয়ারী ২৯, ২০২৬, ০৫:০০ বিকাল
ছবি: সংগৃহিত
ধানের শীষ বিজয়ী হলে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণের দিন শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কৃষকদের স্বস্তি দিতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি দুপুরে হযরত শাহমখদুম (র.)-এর মাজার জিয়ারত করেন এবং পরে জনসভা মঞ্চে ওঠেন।
জনসভায় বক্তব্যে তারেক রহমান বলেন, গত কয়েক বছরে দেশে নিশিরাতের ভোট, ডামি নির্বাচন এবং ভোটাধিকার হরণের চিত্র জনগণ দেখেছে। এখনো একটি মহল নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। তারেক রহমান বলেন, জনগণকে ১২ তারিখ সতর্ক ও সজাগ থাকতে হবে। দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আইন অনুযায়ী বিচার নিশ্চিত করতে হবে। জনগণ সজাগ থাকলে ১৩ তারিখ হবে জনগণের দিন এবং সেদিন থেকেই মানুষের কল্যাণে কাজ শুরু হবে।
রাজশাহীর উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, রাজশাহীতে আইটি পার্ক থাকলেও তা কার্যকর নয়, পদ্মা নদী থাকলেও পানির সংকট রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে খাল খনন, পদ্মা নদী খনন এবং পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকদের ভাগ্যের পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, রাজশাহীতে বিস্তীর্ণ আমবাগান থাকলেও পর্যাপ্ত হিমাগার নেই। বিএনপি সরকার গঠন করলে আধুনিক হিমাগার স্থাপন করা হবে, আইটি পার্ক সচল করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তুলে তরুণদের দক্ষ করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
তারেক রহমান আরও বলেন, দলমত নির্বিশেষে প্রতিটি মায়ের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চান তিনি, যাতে প্রতিটি পরিবার রাষ্ট্রীয় সহায়তা পায়। পাশাপাশি বিদেশে চিকিৎসার জন্য গেলে দেশের অর্থ বাইরে চলে যায় উল্লেখ করে তিনি দেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন, যাতে জনগণ দেশেই উন্নত চিকিৎসা সেবা পেতে পারে।
জনসভা শেষে তারেক রহমান দলীয় প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে বলেন, ১২ তারিখ পর্যন্ত জনগণ প্রার্থীদের খেয়াল রাখবে, আর ১৩ তারিখ থেকে প্রার্থীরাই জনগণের দেখভাল করবে।
বাংলাধারা/এসআর
