এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
প্রকাশিত: জানুয়ারী ৩০, ২০২৬, ০৪:০০ দুপুর
ছবি: সংগৃহিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে ঘোষিত এ ইশতেহারে মোট ৩৬টি প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে, যেখানে বিশেষভাবে নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে কার্যকর ও টেকসই বিশেষ প্রকল্প গ্রহণের অঙ্গীকার করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদসহ দলের কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতারা। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতি লক্ষ করা যায়।
এনসিপি নেতারা জানান, এই ইশতেহার তরুণ প্রজন্মের নেতৃত্ব, সামাজিক মর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে প্রণয়ন করা হয়েছে, যা আগামী দিনে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাধারা/এসআর
