ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছে ১৬ দেশের প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ৩০, ২০২৬, ০৫:৩৪ বিকাল
ছবি: সংগৃহিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোট পর্যবেক্ষণে বিশ্বের ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন দ্বিপক্ষীয় পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন। এসব পর্যবেক্ষকের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসনবিষয়ক সংস্থার কয়েক শ পর্যবেক্ষকও পুরো নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।
শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবে। এর পরেই রয়েছে তুরস্ক, যেখান থেকে ১২ জন সংসদ সদস্য নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল।
এ ছাড়া ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন এবং পাকিস্তান থেকে ৩ জন পর্যবেক্ষক আসছেন। ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে একজন করে পর্যবেক্ষকের আগমনের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
উল্লেখযোগ্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা।
নির্বাচনী পর্যবেক্ষক সমন্বয়ের দায়িত্বে থাকা এসডিজি সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ জানান, এ পর্যন্ত প্রায় ৪০০ আন্তর্জাতিক পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগির আরও কয়েকটি দেশ তাদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি চূড়ান্ত করবে।
এদিকে, কমনওয়েলথের ১৪ সদস্যের পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানান আকুফো-আদ্দো। এই দলে আরও রয়েছেন মালদ্বীপের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী জেফ্রি সালিম ওয়াহিদ, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জন ফ্রান্সিস এবং মালয়েশিয়ার সাবেক সিনেটর রাস আদিবা মোহাম্মদ রাজি।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন লাতভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। এ মিশনে ইউরোপীয় পার্লামেন্টের আরও অন্তত সাতজন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে আছেন অস্ট্রিয়ার লুকাস মান্ডল, রোমানিয়ার লোরান্ত ভিনজে ও শেরবান দিমিত্রি স্তুরজা, চেক প্রজাতন্ত্রের তোমাশ জদেখোভস্কি, স্পেনের লেইরে পাইয়িন, আয়ারল্যান্ডের মাইকেল ম্যাকনামারা এবং নেদারল্যান্ডসের কাতারিনা ভিয়েরা।
উল্লেখ্য, এবারের নির্বাচনে জাতীয় সংসদের ৩০০ আসনে ৫০টির বেশি রাজনৈতিক দলের প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা নির্বাচনকে আরও গুরুত্বপূর্ণ ও আলোচিত করে তুলেছে।
বাংলাধারা/এসআর
