নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক: আন্তর্জাতিক আগ্রহে নজির গড়ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন
প্রকাশিত: জানুয়ারী ৩১, ২০২৬, ০৯:১৩ রাত
ফাইল ছবি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ (ন্যাশনাল চার্টার) বিষয়ক গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের আগমন নিশ্চিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রেস উইং জানায়, এবারের নির্বাচন ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। ফলে পর্যবেক্ষক সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত জাতীয় নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি।
আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের সক্রিয় অংশগ্রহণ এবারের নির্বাচনী পর্যবেক্ষণকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এর মধ্যে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে অংশ নেবেন।
পরিসংখ্যান অনুযায়ী, অতীতের নির্বাচনগুলোর তুলনায় এবারের পর্যবেক্ষক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর আগে ১২তম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৮ জন, ১১তম নির্বাচনে ১২৫ জন এবং ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মাত্র চারজন আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নিয়েছিলেন।
ওআইসির দুই সদস্যবিশিষ্ট পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার। এ ছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে সাতজন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে একজন পর্যবেক্ষক নির্বাচনে অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত থাকবেন।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সফর ও সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ বলেন, “আমরা আশা করছি আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়বে। আমন্ত্রণ জানানো কয়েকটি দেশ এখনো তাদের প্রতিনিধিদের নাম চূড়ান্ত করেনি।”
যেসব দেশ এখনো পর্যবেক্ষক তালিকা নিশ্চিত করেনি, তাদের মধ্যে রয়েছে ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়া। পাশাপাশি দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর ফোরাম ফেমবোসা শিগগিরই তাদের পর্যবেক্ষকদের নাম ঘোষণা করতে পারে।
উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রায় দুই হাজার প্রার্থী দেশের ৩০০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট।
বাংলাধারা/এসআর
