নির্বাচনে বিএনসিসি নিয়োগ দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত: ফেব্রুয়ারি ০২, ২০২৬, ০৪:০৬ দুপুর
ছবি: সংগৃহিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবারের নির্বাচনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদস্যদেরও নিয়োগ দেওয়া হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল শিল্পকলা অ্যাকাডেমির মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যসংখ্যা আগের তুলনায় বাড়ানো হয়েছে।
মাঠপর্যায়ের নজরদারি আরও কার্যকর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বডি ক্যামেরা ব্যবহারের পাশাপাশি ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।
নির্বাচন শান্তিপূর্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না।
নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে তিনি জানান, নির্বাচনের সময় সারা দেশে এক লাখ সেনাবাহিনী সদস্য, দেড় লাখ পুলিশ, পাঁচ হাজার নৌবাহিনী সদস্য, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র্যাব, প্রায় পাঁচ হাজার কোস্ট গার্ড এবং প্রায় ছয় লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে।
মতবিনিময়সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, বরিশাল বিভাগের ছয় জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এসআর
