নির্বাচনে নিরপেক্ষতা প্রশ্নে ‘জিরো টলারেন্স’: আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার
প্রকাশিত: ফেব্রুয়ারি ০৩, ২০২৬, ০১:১১ দুপুর
ছবি: সংগৃহিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না,এমন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচন সংশ্লিষ্ট কোনো সদস্য ব্যক্তি বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত কোস্ট গার্ড পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ায় দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্ট গার্ডসহ সব আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এখানে কোনো শৈথিল্য বা আপসের সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “কোনো সদস্য যদি ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক দলের স্বার্থে কাজ করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে,এ বিষয়ে সরকার আপসহীন।”
নির্বাচনী নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সারা দেশে প্রায় ৯ লাখ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে ১০০ প্লাটুন কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
কোস্ট গার্ডের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ কোস্ট গার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান রোধ, মানবপাচার, ডাকাতি ও জলদস্যুতা দমনে বাহিনীটি সাহসিকতার সঙ্গে কাজ করছে।”
তিনি আরও বলেন, নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিকদের উদ্ধার কার্যক্রমেও কোস্ট গার্ড প্রশংসনীয় দক্ষতার পরিচয় দিচ্ছে, যা জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক প্রদান করা হয়। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এসআর
