ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

জাতির উদ্দেশে ভাষণ দেবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ০৪, ২০২৬, ০৬:৩৩ বিকাল  

ছবি: সংগৃহিত

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম। তিনি জানান, আজই ভাষণ সম্প্রচারের অনুমতির জন্য নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে। তবে এখনো এনসিপির জন্য নির্দিষ্ট কোনো সময়সূচি বা স্লট বরাদ্দ দেওয়া হয়নি।

দলীয় সূত্র জানায়, নাহিদ ইসলামের ভাষণে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী ইশতেহারের মূল দিক, রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকার সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হবে। পাশাপাশি ভোটারদের উদ্দেশে দলীয় অবস্থান ব্যাখ্যা ও নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানো হতে পারে।

নির্বাচনী বিধিমালা অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের রাষ্ট্রীয় গণমাধ্যমে ভাষণ সম্প্রচারের সুযোগ রয়েছে। সে অনুযায়ী এনসিপিও নির্বাচন কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এদিকে জানা গেছে, আগামী ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রীয় গণমাধ্যমে রাজনৈতিক দলগুলোর ভাষণকে ভোটারদের কাছে বার্তা পৌঁছানোর গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখা হচ্ছে।

বাংলাধারা/এসআর