ঢাকা, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

হামের টিকা ইস্যুতে ‘অপরাধমূলক’ কর্মকাণ্ডের অভিযোগ, ইউনূসসহ উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ০৬, ২০২৬, ০৮:৩৭ রাত  

ছবি: সংগৃহিত

হামের টিকাদান ব্যবস্থা বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগ তুলে ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম সংশ্লিষ্টদের কাছে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। অভিযোগ করা হয়েছে, টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় কাঠামো থেকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার মতো ‘অপরাধমূলক’ সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্টদের সম্পৃক্ততা রয়েছে। এ বিষয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

আইনি নোটিশে ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানানো হয়েছে।

নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।

নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেছেন নোটিশ প্রদানকারী আইনজীবী।

বাংলাধারা/এসআর