আইপিএলের জন্যই আমার ক্যারিয়ার শেষ : পিটারসেন
প্রকাশিত: এপ্রিল ০৬, ২০২৬, ০৬:১৪ বিকাল
ছবি: সংগৃহিত
নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের আকস্মিক সমাপ্তি নিয়ে নতুন করে মুখ খুলেছেন ইংল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার কেভিন পিটারসেন। তার দাবি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে চাওয়ার কারণেই ইংল্যান্ড দলে তার পথ বন্ধ হয়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে, সম্প্রতি ইউটিউবার রণভীর আল্লাবাদিয়ার এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন পিটারসেন।
সাক্ষাৎকারে পিটারসেন বলেন, আইপিএলকে প্রাধান্য দেওয়ার কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বিরুদ্ধে অবস্থান নেয়। “আমি আইপিএলকে সমর্থন করেছিলাম, সেটাই আমার জন্য বড় মূল্য হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত আমি আমার ক্যারিয়ারই হারিয়েছি,” বলেছেন তিনি।
পিটারসেনের দাবি, আইপিএলের শুরুর সময় ইসিবি তাদের কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের এই লিগে অংশ নিতে নিরুৎসাহিত করত। কিন্তু তিনি সেই অবস্থানের বিপরীতে দাঁড়িয়েছিলেন, যার পরিণতিতে বোর্ডের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে।
৩৩ বছর বয়সেই আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে যাওয়ায় আক্ষেপ ঝরেছে তার কথায়। পিটারসেন মনে করেন, তিনি আরও অন্তত ৫০টি টেস্ট খেলতে পারতেন এবং ১২ থেকে ১৩ হাজার রান করার সামর্থ্য ছিল তার। কিন্তু বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে শেষ পর্যন্ত তাকেই মূল্য দিতে হয়েছে।
তবে নিজের সেই ত্যাগে বর্তমান প্রজন্মের ইংলিশ ক্রিকেটাররা উপকৃত হয়েছেন বলেও মনে করেন পিটারসেন। তিনি জানান, সম্প্রতি ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের সঙ্গে কথা হয়েছে, যেখানে বাটলার তাকে ধন্যবাদ জানিয়েছেন। পিটারসেনের ভাষায়, “আমার সেই সময়ের লড়াইয়ের কারণেই আজকের খেলোয়াড়রা কোনো বাধা ছাড়াই আইপিএলে খেলতে পারছে।”
উল্লেখ্য, ইংল্যান্ডের হয়ে ১০৪টি টেস্টে ৪৭.২৮ গড়ে ৮,১৮১ রান করেছেন পিটারসেন, যেখানে রয়েছে ২৩টি সেঞ্চুরি। এছাড়া ওয়ানডে ক্রিকেটে তার সংগ্রহ ৪,৪৪০ রান।
বাংলাধারা/এসআর
