ঢাকা, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: এপ্রিল ০৩, ২০২৬, ০৪:০৩ দুপুর  

ছবি: সংগৃহিত

জয় দিয়ে শুরু করেও এশিয়ান গেমস হকির বাছাইপর্বে হোঁচট খেল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-২ ব্যবধানে হেরে অপ্রত্যাশিত এক পরাজয়ের স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার থাইল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় শ্রীলঙ্কা। প্রথম কোয়ার্টারের শেষদিকে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে সমতা ফেরান আশরাফুল। তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আবারও লিড নেয় লঙ্কানরা।

তৃতীয় কোয়ার্টারে কোনো দল গোল করতে না পারলেও চতুর্থ কোয়ার্টারের শুরুতে ব্যবধান ৩-১ করে শ্রীলঙ্কা। গোল হজমের পরপরই পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান আমিরুল। শেষ ১১ মিনিটে একাধিক আক্রমণ চালিয়েও আর সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ।

এই হারটি বিশেষভাবে হতাশাজনক, কারণ প্রায় দুই দশক ধরে শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য ধরে রেখেছিল বাংলাদেশ। ২০০৬ সালের কলম্বো এসএ গেমসের পর এই প্রথমবার লঙ্কানদের কাছে হারল দলটি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেন, “এ ধরনের হার টুর্নামেন্টে ঘটতেই পারে। আশা করি, দল দ্রুত ঘুরে দাঁড়িয়ে লক্ষ্য অর্জন করবে।” একই সুর শোনা গেছে আরেক সাবেক অধিনায়ক রাসেল মাহমুদ জিমির কণ্ঠেও, যিনি মনে করেন অতীতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জয়ের অভিজ্ঞতা বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাবে।

ম্যাচ শেষে দলের প্রধান কোচ আতিকুজ্জামান হারের দায় নিজের কাঁধে নেন। তিনি বলেন, “ডিফেন্সে ঘাটতি ছিল, মার্কিং ঠিক হয়নি। টানা দুই দিন গরমে ম্যাচ খেলাও প্রভাব ফেলেছে।”

এই হারের ফলে এশিয়ান গেমসে জায়গা করে নেওয়ার পথ কিছুটা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। গ্রুপে শ্রীলঙ্কা ইতোমধ্যে ৬ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। সেমিফাইনালে উঠতে হলে বাংলাদেশের সামনে এখন সমীকরণ একটাই, শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়।

কোচ আতিকুজ্জামান অবশ্য আশাবাদী, “এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে উজবেকিস্তানের বিপক্ষে আমরা ঘুরে দাঁড়াতে চাই। জয় পেলেই সেমিফাইনাল এবং এশিয়ান গেমসে খেলার সুযোগ নিশ্চিত হবে।”

বাংলাধারা/এসআর