ঢাকা, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

নীলফামারীতে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ২৪৩ জন

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ০৩, ২০২৬, ০৪:০৮ দুপুর  

ছবি: সংগৃহিত

নীলফামারীতে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গত সাত দিনে নীলফামারী জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৪৩ জন রোগী। বাড়তি রোগীর চাপে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ সরকার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮০ জনই শিশু। ইতোমধ্যে ২১০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আর বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শয্যা সংকটের কারণে অনেক রোগীকেই মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।

চিকিৎসকদের মতে, হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি, বিশুদ্ধ পানির অভাব এবং অস্বাস্থ্যকর খাদ্যগ্রহণ, এই তিনটি কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। একই সঙ্গে মৌসুমি জ্বরেও আক্রান্ত হচ্ছেন অনেকে, যেখানে শিশু ও বয়স্কদের ঝুঁকি বেশি।

এদিকে, হাম রোগের উপসর্গ নিয়ে ছয়জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের আলাদা আইসোলেশন ইউনিটে রেখে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রোগীদের স্বজনরা বলছেন, হঠাৎ করে উপসর্গ দেখা দেওয়ায় দ্রুত হাসপাতালে আনতে হয়েছে। এক শিশুর মা জানান, জ্বর ও পাতলা পায়খানার সঙ্গে শরীরে ফুসকুড়ি দেখা দেওয়ার পর চিকিৎসকরা হামের আশঙ্কার কথা জানিয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইনের সরবরাহ নিশ্চিত করার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ডা. দেবাশীষ সরকার বলেন, “আবহাওয়া পরিবর্তনের কারণে রোগীর সংখ্যা বাড়ছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।”

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডায়রিয়া প্রতিরোধে বিশুদ্ধ পানি পান, খাবারের আগে সাবান দিয়ে হাত ধোয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি, কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাধারা/এসআর