ঢাকা, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ০৩, ২০২৬, ১১:৫৪ দুপুর  

ছবি: সংগৃহিত

রাজধানীর হাজারীবাগ এলাকায় ভাড়া বাসা থেকে সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সীমান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন (কেমিস্ট্রি) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। বাবার নাম সদরুল আমিন। তিনি রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের একটি বাসায় সাবলেট হিসেবে বসবাস করতেন।

স্বজনদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে সীমান্ত নিজের কক্ষের দরজা বন্ধ করে ছিলেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তার রুমমেট বিষয়টি বাড়ির মালিককে জানান। পরে দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

নিহতের চাচা রুহুল আমিন জানান, হাসপাতালে নেওয়ার সময় সীমান্তের মুখে বিষাক্ত কোনো পদার্থের গন্ধ পাওয়া গেছে বলে তারা ধারণা করছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

বাংলাধারা/এসআর