ঢাকা, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল বাংলাদেশ, পাশে থাকার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ০১, ২০২৬, ১১:১৬ দুপুর  

ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অস্থিরতায় উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে।

বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অস্থিরতার কারণে বাংলাদেশ জ্বালানি খাতে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের কারিগরি ও কৌশলগত সহায়তা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে মার্কিন জ্বালানি দপ্তরের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশের এই উদ্বেগের প্রেক্ষিতে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত এবং এ সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বৈঠকে তাৎক্ষণিক সংকট মোকাবিলার পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। এর মধ্যে নিরাপদ ও টেকসই জ্বালানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা, যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানির সুযোগ সম্প্রসারণ এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশ একমত পোষণ করে।

বৈঠকে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন।

বাংলাধারা/এসআর