ঢাকা, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: এপ্রিল ০১, ২০২৬, ১১:১২ দুপুর  

ছবি: সংগৃহিত

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া অঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বার্তাসংস্থা তাসের খবরে বলা হয়, কৃষ্ণ সাগরের উপকূলবর্তী ক্রিমিয়ার একটি পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে থাকা ছয়জন ক্রুসহ মোট ২৯ জনই নিহত হন। নিহতদের মধ্যে ২৩ জন যাত্রী ছিলেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মস্কো সময় অনুযায়ী ৩১ মার্চ রাত ৮টার দিকে এএন-২৬ মডেলের একটি সামরিক পরিবহন বিমান রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। বিমানটি পূর্বনির্ধারিত একটি ফ্লাইটে ছিল।

তবে বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। এখন পর্যন্ত কোনো জীবিত উদ্ধারের খবরও পাওয়া যায়নি।

রুশ বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রযুক্তিগত ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

এএন-২৬ মডেলের বিমানগুলো ১৯৬০-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে। মূলত সামরিক ও মালবাহী পরিবহনের কাজে ব্যবহৃত এই মডেলের বেশ কয়েকটি বিমান অতীতে দুর্ঘটনার শিকার হয়েছে।

এর আগে ২০২০ সালে ইউক্রেনে একটি এএন-২৬ বিমান বিধ্বস্ত হয়ে ২৬ জন নিহত হন, যদিও একজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান। ২০২২ সালেও একই মডেলের আরেকটি দুর্ঘটনায় একজন নিহত হন।

এছাড়া দক্ষিণ সুদান ও আইভরি কোস্টেও রুশ সংশ্লিষ্ট এএন-২৬ বিমানের একাধিক দুর্ঘটনার নজির রয়েছে, যেখানে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।

সর্বশেষ এই দুর্ঘটনা পুরোনো মডেলের সামরিক বিমানের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

বাংলাধারা/এসআর