কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু
প্রকাশিত: এপ্রিল ০৩, ২০২৬, ১২:০৭ দুপুর
ছবি: সংগৃহিত
কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আফরান সদর উপজেলার ভাদালিয়া এলাকার বাসিন্দা আল আমিনের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার শরীরে হাম, নিউমোনিয়া এবং হৃদ্যন্ত্রজনিত জটিলতা (হার্ট ফেইলিওর) ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ভর্তির কয়েক দিন পর শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। তিন দিন আগে তাকে রাজধানীর কোনো বিশেষায়িত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও পরিবারের পক্ষে তা সম্ভব হয়নি।
তিনি বলেন, “সম্ভবত আর্থিক সীমাবদ্ধতার কারণে পরিবার শিশুটিকে ঢাকায় নিতে পারেনি। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
চিকিৎসকদের মতে, সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে এমন জটিল ক্ষেত্রে ঝুঁকি কিছুটা কমানো সম্ভব হতে পারে।
বাংলাধারা/এসআর
