ছিনতাইয়ের চেষ্টায় রিকশা উল্টে আহত জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী ঋদ্ধি
প্রকাশিত: এপ্রিল ০৪, ২০২৬, ০১:১০ দুপুর
ছবি: সংগৃহিত
রাজধানীর আগারগাঁও এলাকায় ছিনতাইয়ের চেষ্টায় সৃষ্ট দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি এবং তার বাবা মনজুর মোরশেদ নয়ন।
পরিবারের বরাতে জানা যায়, থিয়েটার স্কুল থেকে বাসায় ফেরার পথে চলন্ত অটোরিকশায় ছিলেন তারা। এ সময় এক ছিনতাইকারী রিকশায় থাকা ব্যাগ টান দেওয়ার চেষ্টা করলে ভারসাম্য হারিয়ে রিকশাটি উল্টে যায়। এতে দুজনই আহত হন।
আহত অবস্থায় তাদের মিরপুরের ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। দুর্ঘটনায় ঋদ্ধির দাঁতে আঘাত লেগেছে এবং তার বাবার পায়ে চোট লেগেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
ঋদ্ধির মা, সাংবাদিক রিফাত আনোয়ার জানান, ঘটনাটি আকস্মিক হওয়ায় তারা মানসিকভাবে বেশ বিপর্যস্ত। তবে এখনো এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি।
উল্লেখ্য, মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি ২০২০ সালে ‘গণ্ডি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
বাংলাধারা/এসআর
