মুস্তাফিজকে আইপিএলে দলে নেওয়ায় উত্তেজনা, বিসিসিআইয়ের স্পষ্ট বার্তা
প্রকাশিত: জানুয়ারী ০১, ২০২৬, ০৩:১৯ দুপুর
ছবি: সংগৃহিত
ভারত-বাংলাদেশের কূটনৈতিক উত্তাপের মধ্যে আইপিএল ২০২৬-এর মেগা নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে নিয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। নিলামে দল পাওয়া একমাত্র বাংলাদেশি তিনি। তবে মুস্তাফিজকে দলে নেওয়ায় ভারতে শুরু হয়েছে তোলপাড়; সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন একাংশ ভারতীয় ক্রিকেট সমর্থক। কিছু ধর্মীয় নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্বও তার আইপিএল খেলাকে আপত্তিজনক বলছেন এবং কেকেআর ও মালিক শাহরুখ খানকে বয়কটের ডাক দিয়েছেন।
মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের কিছু ধর্মীয় ও রাজনৈতিক নেতা এমনকি ম্যাচের পিচ নষ্ট করার হুমকিও দিয়েছেন। উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম মুস্তাফিজকে সমর্থনকারী শাহরুখ খানের সমালোচনা করে তাকে ‘গাদ্দার’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা ভারতে খেলতে আসলে তাদের বিমানবন্দরের বাইরে পা রাখতে দেওয়া হবে না। শাহরুখ খানকে বিষয়টি বুঝে নিতে হবে।”
মাঠের বাইরের উত্তাপের মধ্যেই মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ইনসাইডস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বোর্ডের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণের ওপর কোনো আইনি বা সরকারি বাধা নেই।
বোর্ডের কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি স্পর্শকাতর হওয়া বুঝি। তবে বাংলাদেশ আমাদের শত্রু দেশ নয়। সরকার থেকে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার কোনো নির্দেশনা আসেনি। ভিসা বা লজিস্টিকসহ কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখতে চাই।
মুস্তাফিজ আইপিএলে ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন, গড় ২৮.৪৫ এবং ইকোনমি ৮.১৩। বিশেষ করে ডেথ ওভারে তার ভয়ঙ্কর স্লোয়ার-কাটার কেকেআরের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র। ফ্র্যাঞ্চাইজিটি তাকে নিয়ে চতুর্থবারের শিরোপা জেতার স্বপ্ন দেখছে। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে (নিউজিল্যান্ড সিরিজ) কিছু ম্যাচে তাকে পাওয়া নাও যেতে পারে।
বিসিসিআইয়ের স্পষ্ট অবস্থান হলো- মুস্তাফিজের আইপিএলে খেলা রাজনৈতিক উত্তাপের মধ্যে থেকেও বাধাহীন।
বাংলাধারা/এসআর
