দাপুটে জয়ে বিশ্বকাপের দোরগোড়ায় বাংলাদেশ
প্রকাশিত: জানুয়ারী ২০, ২০২৬, ০৩:৩৬ দুপুর
ছবি: সংগৃহিত
নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের জয়যাত্রা থামছেই না। যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার পর এবার পাপুয়া নিউগিনিকেও হারিয়ে গ্রুপ পর্বে শীর্ষে উঠে গেছে নিগার সুলতানার দল। টানা দ্বিতীয় জয়ে বিশ্বকাপের টিকিট এখন হাতছোঁয়া- বাকি দুই ম্যাচের যেকোনো একটিতে জিতলেই ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত বাংলাদেশের।
মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান। জবাবে পাপুয়া নিউগিনি লড়াই করেও ৯ উইকেটে ১৩৮ রানের বেশি করতে পারেনি। ফলে ৩০ রানের জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ইনিংসের শুরুতেই দৃঢ় ভিত্তি গড়ে দেন দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। দুজনের ৪৯ রানের উদ্বোধনী জুটিতে আত্মবিশ্বাস পায় দল। জুয়াইরিয়া ১১ বলে ১৭ রান করে ফিরলেও দিলারা ইনিংস ধরে রেখে ৩৫ রান করেন।
মাঝের ওভারগুলোতে রান তোলার গতি কিছুটা কমে যায়। ১৬তম ওভারে শারমিন আক্তার (২৮) আউট হলে চাপ বাড়ে। তবে তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন স্বর্ণা আক্তার ও সোবহানা মোস্তারি। দুজনের ব্যাটে আসে গুরুত্বপূর্ণ ৬২ রানের জুটি।
শেষদিকে স্বর্ণা আক্তার ছিলেন বিধ্বংসী। মাত্র ১৪ বলে ৪ ছক্কা ও একটি চারে অপরাজিত ৩৭ রান করেন তিনি। সোবহানা খেলেন ২৪ বলে কার্যকর ৩৪ রানের ইনিংস। এই ঝড়ো ব্যাটিংয়েই বাংলাদেশের সংগ্রহ পৌঁছে যায় ১৬৮-এ।
পাপুয়া নিউগিনির হয়ে মাইরি টম, হিনাও থমাস ও দিকা লোহিয়া একটি করে উইকেট নেন।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে আগ্রাসী ছিল পাপুয়া নিউগিনি। ৩.১ ওভারে ৩২ রান তুলে চাপ তৈরির ইঙ্গিত দিলেও দ্রুত দুই উইকেট হারিয়ে ছন্দ হারায় দলটি।
ব্রেন্ডা তাউ (৩৫) ও সিবোনা জিমি (২৮) ৫৪ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ১৪তম ওভারে ব্রেন্ডা আউট হতেই ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। একপর্যায়ে ২ উইকেটে ৯৮ রান করা দলটি শেষ পর্যন্ত থামে ৯ উইকেটে ১৩৮ রানে। হোলান দরিগা করেন ২১ রান।
বাংলাদেশের বোলিংয়ের সবচেয়ে বড় দিক ছিল ভারসাম্য। সুলতানা খাতুন ছাড়া বাকি ছয় বোলারই উইকেটের দেখা পান, যা দলের সমন্বিত পারফরম্যান্সেরই প্রমাণ।
গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে এখন নামিবিয়া ও আয়ারল্যান্ড। এই দুই ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই সুপার সিক্স নিশ্চিত হবে, সঙ্গে কার্যত নিশ্চিত হয়ে যাবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিটও।
দুর্দান্ত ফর্মে থাকা নিগার সুলতানার দল এখন বিশ্বমঞ্চে ফেরার অপেক্ষায়।
বাংলাধারা/এসআর
