ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি ভারত-পাকিস্তান ‘এ’ দল, মূল দলের ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ০৩, ২০২৬, ০১:৩৭ দুপুর  

ছবি: সংগৃহিত

ভারত ও পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীনই পাকিস্তান সরকারের সিদ্ধান্তের পর দেশটির ক্রিকেট বোর্ড ঘোষণা দেয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে পাকিস্তান। এ ঘোষণার পরপরই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে শঙ্কার মেঘ ঘনিয়ে ওঠে।

এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচনায় আসে মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না— সেই প্রশ্ন। আগামী ১৩ ফেব্রুয়ারি ব্যাংককে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী প্রস্তুতিও চলছে। উল্লেখযোগ্য বিষয় হলো, যেদিন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা ছিল, ঠিক সেদিনই রাইজিং স্টার্স এশিয়া কাপে মাঠে নামার কথা রয়েছে দুই দেশের ‘এ’ দলের।

বর্তমান পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, মূল জাতীয় দলের ম্যাচটি আদৌ অনুষ্ঠিত হচ্ছে না। তবে ব্যাংকে অনুষ্ঠিতব্য ভারত ও পাকিস্তানের নারী ‘এ’ দলের ম্যাচ বাতিল হওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো ইঙ্গিত বা আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি।

ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী নারী ‘এ’ দলের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের নারী ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করে। ওই গ্রুপে পাকিস্তান ‘এ’ দলের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত ‘এ’, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বকাপে মূল দলের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের প্রভাব রাইজিং স্টার্স এশিয়া কাপে পড়ছে না। অর্থাৎ, ভারত-পাকিস্তান নারী ‘এ’ দলের বহুল আলোচিত মুখোমুখি লড়াইটি ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি।

এদিকে পিসিবির বিরুদ্ধে আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়েও জোর আলোচনা চলছে। তবে বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে। এ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে বা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখন পর্যন্ত বোর্ড মিটিংও ডাকেনি।

সব মিলিয়ে মূল দলের দ্বৈরথ অনিশ্চিত হলেও, উদীয়মান নারী ক্রিকেটারদের মঞ্চে ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

বাংলাধারা/এসআর