প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, সরকারের প্রতিটি সিদ্ধান্ত ও পদক্ষেপের কেন্দ্রবিন্দুতে থাকবে দেশের স্বার্থ। তিনি জোর দিয়ে বলেন, সরকার ও সংসদ সদস্যদের দায়িত্বই হলো জনগণের স্বার্থ রক্ষা করা, কারণ দেশের মানুষ সেই দায়িত্ব তাদের ওপরই অর্পণ করেছে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, তাদের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তিই হলো ‘বাংলাদেশ ফার্স্ট’ (বাংলাদেশ প্রথম)। এই নীতির আলোকে তিনি সবসময় দেশের সার্বভৌম স্বার্থ, জাতীয় উন্নয়ন এবং জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, “আমরা সবসময় বিশ্বাস করি, সবার আগে বাংলাদেশ। আমার অবস্থান থেকে দেশের এবং দেশের মানুষের স্বার্থ রক্ষা ও উন্নয়নের বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কথা বলেছি এবং ভবিষ্যতেও বলে যাব।”
প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যক্তিগত কোনো স্বার্থের স্থান নেই। সরকার কিংবা তার বিদেশ সফর বা কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে যদি কোনো ইতিবাচক ফল অর্জিত হয়ে থাকে, তবে সেই সাফল্য কোনো ব্যক্তি বা দলের নয়; বরং তা বাংলাদেশের এবং দেশের প্রতিটি মানুষের অর্জন।
সংসদ নেতা বলেন, “যে কোনো অর্জনকে আমরা জাতীয় অর্জন হিসেবেই দেখি। এর সুফল ভোগ করবে দেশের মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
বক্তব্যের শেষদিকে সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও সহযোগিতা জানানোর জন্য বিরোধীদলীয় নেতাসহ সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের স্বার্থে গঠনমূলক ও ইতিবাচক রাজনীতি জাতির জন্য মঙ্গলজনক। জনগণের কল্যাণে সবাই একসঙ্গে কাজ করলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন