প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠানোর আবেদন করেছে পুলিশ।
রোববার মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। প্রসিকিউশন পুলিশের এসআই কামাল হোসেন জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে আবেদনের ওপর শুনানি হবে।
এর আগে শনিবার রিধির বাসা থেকে তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
হাসিবুরকে কারাগারে আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্তে বাদীর অভিযোগের পক্ষে ‘যথেষ্ট তথ্য-প্রমাণ’ পাওয়া গেছে। পুলিশের আবেদনে দাবি করা হয়, জিজ্ঞাসাবাদে হাসিবুর অপরাধের কথা স্বীকার করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার কথাও জানিয়েছেন। তদন্ত এখনো চলমান থাকায় তাকে কারাগারে রাখা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে জামিনে মুক্তি পেলে তিনি পালিয়ে যেতে পারেন, এমন আশঙ্কার কথাও জানিয়েছে পুলিশ।
পুলিশ ও পরিবারের বরাতে জানা যায়, শনিবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার নিজের বাসার শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রিধিকাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার দিনই রিধির মা বাদী হয়ে ভাটারা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় রিধির প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন রিধির বাসায় তাকে দেখতে গিয়েছিলেন হাসিবুর। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, ঘটনার সময় রিধি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন।
তবে রিধির মৃত্যু আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত নয়। মৃত্যুর আগে কী পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কেউ তাকে আত্মহত্যায় প্ররোচিত করেছিলেন কি না—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও পরিচিতি পেয়েছিলেন রিধিকা রিধি। বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন