ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

জন্মদিনে নতুন গানের সুখবর দিলেন ফাহমিদা নবী

বিনোদন প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ০৪, ২০২৬, ০১:৩০ দুপুর  

ফাইল ছবি

নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর জন্মদিন আজ। প্রতি বছর এই বিশেষ দিনে অসংখ্য ভক্ত-শ্রোতার শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি। এবারও জন্মদিনে অনুরাগীদের সঙ্গে সেই ভালোবাসার বিনিময় করতে চান শিল্পী। তবে ঘটা করে জন্মদিন উদযাপনের কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন তিনি। সবার কাছে তাঁর একটাই চাওয়া- আশীর্বাদ, যেন সুস্থ ও ভালো থেকে শ্রোতাদের জন্য আরও ভালো গান উপহার দিতে পারেন।

এদিকে জন্মদিনের আনন্দে ভক্তদের জন্য বিশেষ চমকও রেখেছেন ফাহমিদা নবী। অনুরাগীদের ভালোবাসার প্রতিদান হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন নতুন গানের। শিল্পী জানান, ইতোমধ্যে তিনটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি, যেগুলো শিগগিরই প্রকাশ পাবে।

নতুন গান তিনটির শিরোনাম- ‘ইচ্ছে করে’, ‘দুঃখের দলিল’ ও ‘আসলো না বৃষ্টি’। গানগুলোর সুর করেছেন সংগীতশিল্পী ও সুরকার শামস সুমন। সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া। আর প্রতিটি গানের কথাই লিখেছেন স্বনামধন্য গীতিকবি গোলাম মোর্শেদ।

ফাহমিদা নবী জানান, মূলত গীতিকবি গোলাম মোর্শেদের পরিকল্পনা থেকেই এই নতুন সংগীতযাত্রার সূচনা। প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে তাঁরা একসঙ্গে কাজ করে আসছেন। গোলাম মোর্শেদের লেখা অসংখ্য গান দীর্ঘদিন ধরে শ্রোতামনে অনুরণন তুলে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারও তাঁর নতুন একটি প্রকল্পে যুক্ত হতে পেরে আনন্দিত শিল্পী।

নতুন গানগুলো প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, গোলাম মোর্শেদের লেখনী অন্যদের চেয়ে আলাদা। তাঁর কথায় এমন এক সহজ গভীরতা থাকে, যা খুব সহজেই শ্রোতাদের মনে দাগ কাটে। নতুন এই তিনটি গানেও গীতিকথায় রয়েছে বৈচিত্র্য। আমার কণ্ঠ ও গায়কির ধরন মাথায় রেখে সময়োপযোগী সুর ও সংগীতায়োজন করেছেন শামস সুমন ও আরাফাত বসনিয়া।

তিনি আরও বলেন, শামস সুমনের সুরে এই প্রথম গান করলেও একবারও মনে হয়নি এটি আমাদের প্রথম কাজ। তাঁর সুরে নব্বই দশকের শ্রুতিমধুর গানগুলোর একটা আবহ আছে, যা আমাকে ভীষণ মুগ্ধ করেছে। সে কারণেই এই তিনটি গান নিয়ে আমি খুব আশাবাদী।

জানা গেছে, শিগগিরই গান তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান ‘গান জানালা’-এর ইউটিউব চ্যানেলে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।


বাংলাধারা/এসআর