নেটিজেনদের হৃদয় জুড়েছে ‘মেরি জিন্দেগি হে তু’
প্রকাশিত: জানুয়ারী ০৫, ২০২৬, ০৫:১৯ বিকাল
ছবি: সংগৃহিত
বর্তমান সময়ের পাকিস্তানি ড্রামা ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত তারকা জুটিগুলোর একটি হানিয়া আমির ও বিলাল আব্বাস খান। তাদের নতুন নাটকটি নিয়ে দর্শকদের মতামত বিভক্ত হলেও, নাটকের টাইটেল সং বা ওএসটি ‘মেরি জিন্দেগি হে তু’ নিয়ে উন্মাদনা যেন সবাইকে এক জায়গায় এনে দিয়েছে।
ক্লাসিক সুরকে আধুনিক সংগীতায়োজনে নতুনভাবে উপস্থাপন করেছেন জনপ্রিয় গায়ক আসিম আজহার। মুক্তির কয়েক সপ্তাহের মধ্যেই গানটি রেকর্ড পরিমাণ স্ট্রিমিং অতিক্রম করেছে। পাকিস্তান ছাড়িয়ে এর জনপ্রিয়তা এখন ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে আলোচনা, রিলস আর কাভার ভিডিওর সংখ্যা দিন দিন বাড়ছেই।
এই জনপ্রিয়তার সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত দেখা গেছে সম্প্রতি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বিপিএলের গ্যালারিতে। খেলা চলাকালীন স্টেডিয়ামে বেজে ওঠে ‘মেরি জিন্দেগি হে তু’। বিষয়টি নজরে এনে এক নেটিজেন সামাজিক মাধ্যমে লেখেন, বিপিএল চলাকালীন এই গান বাজানোর ভিডিওটি হানিয়া আমির নিজেই তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।
বাংলাদেশি ভক্তদের এই ভালোবাসার জবাব দিতে দেরি করেননি হানিয়া। তিনি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে বিপিএলের সেই মুহূর্তের ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
নেটিজেনদের মতে, আসিম আজহারের আবেগী কণ্ঠ আর আধুনিক সংগীতায়োজন গানটিকে আলাদা মাত্রা দিয়েছে। একদিকে শ্রোতারা মুগ্ধ হচ্ছেন সুরে, অন্যদিকে সমালোচকরাও প্রশংসা করছেন গানের নির্মাণশৈলী ও উপস্থাপনার। সব মিলিয়ে ‘মেরি জিন্দেগি হে তু’ এখন পাকিস্তান ও বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং তালিকার শীর্ষে।
বাংলাধারা/এসআর
