ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

স্মিতার সঙ্গে মিল, বায়োপিকে অভিনয়ের ইচ্ছা চিত্রাঙ্গদার

বিনোদন প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ০৭, ২০২৬, ১০:৩৪ দুপুর  

ফাইল ছবি

বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং এখন ব্যস্ত সময় পার করছেন নতুন সিনেমা দ্য ব্যাটল অব গালওয়ান নিয়ে। সালমান খানের বিপরীতে অভিনীত এই সিনেমাটি আগামী ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা। এর মাঝেই নিজের অভিনয়জীবনের এক গভীর ইচ্ছার কথা প্রকাশ করলেন তিনি।

চিত্রাঙ্গদা জানালেন, প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাতিলের জীবনীভিত্তিক কোনো সিনেমা হলে সেখানে অভিনয় করতে চান তিনি। বিষয়টি তার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, ক্যারিয়ারের শুরু থেকেই বহু মানুষ তাকে স্মিতা পাতিলের সঙ্গে তুলনা করে আসছেন। মুখের গড়ন, চোখের ভাষা, এমনকি পর্দায় উপস্থিতির মধ্যেও নাকি মিল খুঁজে পান অনেকে।

সম্প্রতি *ইন্ডিয়া টুডে*-কে দেওয়া এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা বলেন, স্মিতা পাতিলের সঙ্গে তার চেহারার মিল নিয়ে তিনি বহু বছর ধরেই নানা কথা শুনে আসছেন। তবে এর সঙ্গে জড়িয়ে আছে একটি অদ্ভুত ও মজার অভিজ্ঞতাও।

চিত্রাঙ্গদার ভাষায়, আমি সত্যিই স্মিতা জির চরিত্রে অভিনয় করতে চাই। আর কোনো অভিনেত্রীর সঙ্গে আমাকে এতবার তুলনা করা হয়নি। এমনকি স্মিতা জির ছেলে প্রতীকও আমাকে সেটা বলেছে। একবার মা দিবসে সে মায়ের ছবি ভেবে আমার একটি ছবি পোস্ট করেছিল। পরে একজন আমাকে স্ক্রিনশট পাঠিয়ে বলল, এটা তো স্মিতা জির ছবি নয়, এটা আপনার ছবি। ঘটনাটা আমার কাছে একই সঙ্গে অবিশ্বাস্য আর অদ্ভুত লেগেছিল।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি কখনো এমন সুযোগ আসে, তাহলে সেটি তার জন্য হবে স্বপ্নপূরণের মতো।
“মানুষ যখন মিলগুলো দেখায়, তখন আমিও বুঝতে পারি। যদি কখনো সত্যিই তার চরিত্রে অভিনয়ের সুযোগ পাই, সেটা হবে আমার জীবনের অন্যতম বিশেষ মুহূর্ত।”

উল্লেখ্য, ভারতীয় সিনেমার ইতিহাসে স্মিতা পাতিল একটি আলাদা অধ্যায়। ১৯৮৬ সালের ১৩ ডিসেম্বর তিনি প্রয়াত হলেও তার অভিনয়ের শক্তি আজও দর্শকের মনে গভীরভাবে গেঁথে আছে। *ভূমিকা*, *আর্থ*, *মান্থান*, *চক্র*, *মান্ডি*, *আজ কি আওয়াজ*, *মির্চ মশলা*, *অমৃত*, *নৃত্য নৃত্য*সহ একাধিক ছবিতে তার সংবেদনশীল ও শক্তিশালী অভিনয় তাকে করে তুলেছে চিরস্মরণীয়। সূত্র: ইন্ডিয়া টুডে


বাংলাধারা/এসআর