মিসাইল হাতে আকাশে শাকিব, ঈদে ‘প্রিন্স’ হয়ে ঝড় তুলতে আসছেন ঢালিউড কিং
প্রকাশিত: ফেব্রুয়ারি ০১, ২০২৬, ০৯:৪৫ রাত
ছবি: সংগৃহিত
আকাশছোঁয়া হেলিকপ্টারে বসে এক হাতে মিসাইল, চোখে কালো রোদচশমা, মুখে অদ্ভুত এক শান্ত অথচ দৃঢ় অভিব্যক্তি। যুদ্ধের ভয়াবহতার বদলে যেন পিয়ানোর সুরের মতো সংযত গাম্ভীর্য। এমনই এক ভিন্নধর্মী লুকে ধরা দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘প্রিন্স’-এর মোশন পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।
সম্প্রতি প্রকাশিত মোশন পোস্টারে শাকিব খানের উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন মাত্রার কৌতূহল তৈরি করেছে। পোস্টারের ট্যাগলাইন, ‘একটা শহর, একটা উপাখ্যান, ঢাকা এবার বলবে প্রিন্সের গল্প’, ইঙ্গিত দিচ্ছে রাজধানী ঢাকাকে ঘিরে নির্মিত এক ভিন্নধর্মী ও শক্তিশালী গল্পের।
জানা গেছে, নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড, ক্ষমতা, রাজকীয়তা ও অভিজাত জীবনের সংমিশ্রণে সিনেমাটির গল্প নির্মাণ করা হয়েছে। অ্যাকশন, গ্ল্যামার ও আবেগের সমন্বয়ে ছবিটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন ভারতের আলোচিত সিনেমা ‘অ্যানিম্যাল’-এর সিনেমাটোগ্রাফার অমিত রায়। তার ক্যামেরার ভিজ্যুয়াল ভাষা ‘প্রিন্স’ সিনেমায় ভিন্নমাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।
বর্তমানে সিনেমাটির শুটিংয়ের জন্য গত ১০ দিন ধরে শ্রীলঙ্কায় অবস্থান করছেন শাকিব খান। সেখানে আরও প্রায় ২০ দিনের শুটিং বাকি রয়েছে। শ্রীলঙ্কার মনোরম লোকেশনে চলছে সিনেমার গুরুত্বপূর্ণ অ্যাকশন ও নাটকীয় দৃশ্যের চিত্রায়ণ।
এ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন দুই নায়িকা। একজন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং অন্যজন কলকাতার নবাগতা অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু। জ্যোতির্ময়ী ছবিতে এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করলেও প্রয়োজনে তাকেও দেখা যাবে দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যে।
সব মিলিয়ে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘প্রিন্স’ সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারে আরেকটি আলোচিত ও ভিন্নমাত্রার সংযোজন হতে যাচ্ছে বলেই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা ও দর্শকরা।
বাংলাধারা/এসআর
