ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

কন্যাসন্তানের জনক হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: ফেব্রুয়ারি ০৪, ২০২৬, ০৪:২৭ দুপুর  

ছবি: সংগৃহিত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশের জীবনে এলো নতুন আনন্দের অধ্যায়। বাবা হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই অভিনেতা। তাঁর ঘর আলো করে জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যাসন্তান। পলাশ ও তাঁর পরিবারের এই সুখবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে।

দর্শকপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দেশজুড়ে বিপুল জনপ্রিয়তা পান পলাশ। পর্দায় দীর্ঘদিন ‘ব্যাচেলর’ পরিচয়ে দর্শকদের হাসিয়েছেন তিনি। তবে এবার পর্দার সেই ব্যাচেলর জীবন পেছনে ফেলে বাস্তব জীবনে দায়িত্বশীল এক নতুন পরিচয়ে আবির্ভূত হলেন এই অভিনেতা।

নিজের বাবা হওয়ার আনন্দের খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট দেন পলাশ। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হয়েছি। সবাই দোয়া করবেন।’ তার এই সংক্ষিপ্ত কিন্তু হৃদয়ছোঁয়া বার্তাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

পোস্টটির নিচে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভকামনার বার্তায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর। কেউ কেউ মজার ছলে লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্ট শেষ, এখন ফ্যামিলি পয়েন্ট শুরু।’ আবার একজন নেটিজেন রসিকতা করে মন্তব্য করেন, ‘ভাই হিসেবে দেখতাম, এখন আপনি চাচা!’

অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন পলাশ। তার বাবা হওয়াকে ঘিরে বিনোদন অঙ্গনেও আনন্দের আমেজ বিরাজ করছে। ভক্তদের প্রত্যাশা, নতুন এই জীবনের অনুপ্রেরণায় ভবিষ্যতে আরও পরিণত ও বৈচিত্র্যময় কাজ উপহার দেবেন জনপ্রিয় এই অভিনেতা।

বাংলাধারা/এসআর