ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ঢাবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন:

সংকটকালে মানসিক স্বাস্থ্যসেবার সহজলভ্যতার ওপর জোর

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০২:১১ রাত  

ছবি: বাংলাধারা

‘দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫। এ উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস)-এর যৌথ উদ্যোগে নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বিশেষ সেমিনার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পিএইচডি-র সভাপতিত্বে এবং ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রভাষক লিজা আক্তারের সঞ্চালনায় আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. শাহানূর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, “স্বাস্থ্য খাতে ক্লিনিক্যাল সাইকোলজির গুরুত্ব অপরিসীম। দক্ষ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তৈরি করতে হাসপাতালগুলোতে ক্লিনিক্যাল প্লেসমেন্টের সুযোগ বাড়াতে হবে।” তিনি আরও বলেন, চিকিৎসকদের ক্লিনিক্যাল সাইকোলজির বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকা জরুরি, যাতে তারা আরও মানবিক দৃষ্টিভঙ্গিতে রোগীর প্রতি আচরণ করতে পারেন। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক মর্মান্তিক ঘটনায় শিক্ষার্থীদের মানসিক ট্রমা কাটিয়ে উঠতে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ভূমিকার প্রশংসাও করেন তিনি।

বিশেষ অতিথি অধ্যাপক ড. মো. এনামুল হক বলেন, “দুর্যোগের সময় নানা ধরনের মানসিক আঘাত তৈরি হয়, কিন্তু সচেতনতার অভাবে মানুষ অনেক সময় বুঝতে পারে না যে তাদের মানসিক স্বাস্থ্যসেবা নেওয়া দরকার। সমস্যা বেড়ে যাওয়ার আগেই পেশাদার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের শরণাপন্ন হওয়া জরুরি।”

মূল প্রবন্ধ উপস্থাপনায় ড. মো. শাহানূর হোসেন বলেন, “দুর্যোগ ও সংকটকালে মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হলে ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার সুযোগ বাড়াতে হবে।” তিনি বিভিন্ন হাসপাতালে ক্লিনিক্যাল প্লেসমেন্টের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমাদের দেশে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সংখ্যা এখনো খুবই কম। দুর্যোগের সময় এ ঘাটতি সমস্যা তৈরি করতে পারে। তাই এ খাতে আরও জনবল তৈরি এবং প্রশিক্ষণ সুযোগ বাড়ানো জরুরি।” তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনারারি অধ্যাপক ও আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মুহাম্মাদ মাহমুদুর রহমান, অধ্যাপক কামাল উদ্দীন আহমেদ চৌধুরী, অধ্যাপক ড. এম. কামরুজ্জামান মজুমদার, সহকারী অধ্যাপক মিসেস জোবেদা খাতুন, প্রভাষক মো. আশিকুর রহমান এবং মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. জহির উদ্দীন।

উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে প্রতিবছর ১০ অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হচ্ছে। বাংলাদেশে এই সেবা বিস্তারে প্রধান দুটি বাধা হলো- সামাজিক স্টিগমা ও মানসিক স্বাস্থ্যসেবার অপ্রতুলতা। এ দুটি বাধা দূর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বিসিপিএস ১৯৯৭ সাল থেকে কাজ করে আসছে। দিবসটি উপলক্ষে এবছরও মাসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বিসিপিএস।

 

বাংলাধারা/এসআর