সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১১:২৬ দুপুর
ছবি: সংগৃহিত
সারা দেশে আজ থেকে শুরু হয়েছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত সময়সূচি অনুযায়ী, বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়, যা চলে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।
পরীক্ষার সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।
এর আগে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ পরীক্ষার সময়সূচি অনুমোদন দেওয়া হয়। পরে অধিদপ্তর থেকে বিস্তারিত রুটিন প্রকাশ করা হয়।
তবে দেশের তিন পার্বত্য জেলা- রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান-এ ভিন্ন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শেষ হবে।
এদিকে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে শিক্ষা প্রশাসন।
বাংলাধারা/এসআর
