ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

ইরানে ফের হামলার চিন্তা ট্রাম্পের, কূটনৈতিক অচলাবস্থায় বাড়ছে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১২:০০ দুপুর  

ছবি: সংগৃহিত

পাকিস্তানে সাম্প্রতিক আলোচনায় কোনো স্থায়ী সমাধান না আসায় ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার চিন্তা করছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পুনরায় বিমান হামলা চালানোর বিষয়টি বিবেচনায় রেখেছেন। শুধু সামরিক হামলাই নয়, পরিস্থিতি মোকাবিলায় আরও কিছু কৌশলগত পদক্ষেপ নিয়েও ভাবছেন তিনি।

এর মধ্যে অন্যতম হলো বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি-তে অবরোধ জারি করা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই পদক্ষেপের ঘোষণা ইতোমধ্যেই দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সব ধরনের বিকল্পই খোলা রাখা হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, প্রেসিডেন্ট ইতোমধ্যে হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন, যার মাধ্যমে ইরানের ‘চাঁদাবাজি’ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।

তবে তিনি এটিও স্পষ্ট করেন যে, পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনই নির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। প্রেসিডেন্ট কী সিদ্ধান্ত নেবেন, এ নিয়ে যেকোনো মন্তব্যই আপাতত অনুমাননির্ভর।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক অচলাবস্থার এই প্রেক্ষাপটে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে, যা বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

বাংলাধারা/এসআর