ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৭:৩১ বিকাল  

ছবি: সংগৃহিত

কক্সবাজারের উখিয়া সীমান্তে পুঁতে রাখা ল্যান্ডমাইনের বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার একটি পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অন্য পায়ের হাঁটুর নিচের অংশে মারাত্মক আঘাত লেগেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বালুখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ সাদেক (২৫) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০-এর ব্লক-এফ/১৩-এর বাসিন্দা। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) আওতাধীন বালুখালী বিওপি এলাকার কাছে, শূন্যরেখা থেকে প্রায় ১৫০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে ‘নারিকেল বাগান’ নামে পরিচিত স্থানে বিস্ফোরণটি ঘটে। বিকট শব্দ শুনে বিজিবি সদস্যরা ঘটনাস্থলের দিকে গেলে দেখতে পান, গুরুতর আহত অবস্থায় সাদেককে সহকর্মীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে নিয়ে আসছেন।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, জীবিকার তাগিদে মাছ ধরতে গিয়ে সাদেকসহ কয়েকজন জেলে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের ভেতরে প্রবেশ করেছিলেন। ফেরার পথে পুঁতে রাখা মাইনে পা পড়লে বিস্ফোরণ ঘটে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তের ওপারে মাছ ধরতে গিয়ে ফেরার সময় মাইন বিস্ফোরণে ওই জেলে গুরুতর আহত হয়েছেন।

সীমান্ত এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে জীবিকার প্রয়োজনে ঝুঁকি নিয়ে সীমান্ত অতিক্রম করা রোহিঙ্গা ও স্থানীয় জেলেদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে।

বাংলাধারা/এসআর