আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি নিরাপত্তা জোরদার
প্রকাশিত: এপ্রিল ০৯, ২০২৬, ১২:০৮ দুপুর
ছবি: সংগৃহিত
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার রায় আজ (বৃহস্পতিবার) ঘোষণা করা হবে। এ লক্ষ্যে গ্রেপ্তার ছয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সকালেই কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ মামলার রায় ঘোষণা করবেন।
আদালতে হাজির করা ছয় আসামি হলেন, এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
বহুল আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় ২০২৫ সালের ২৪ জুন। পরে তা যাচাই-বাছাই শেষে ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। একইদিনে অভিযোগ আমলে নিয়ে ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
পরবর্তী সময়ে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষে ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয় এবং পরদিন থেকেই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ আবু সাঈদের বাবা মুকুল হোসেন। দীর্ঘ শুনানি পর্বে তদন্ত কর্মকর্তা রুহুল আমিনসহ মোট ২৫ জন সাক্ষী সাক্ষ্য দেন। তাদের মধ্যে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সাক্ষ্য মামলার গুরুত্বপূর্ণ দিকগুলো স্পষ্ট করতে সহায়ক হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।
সাক্ষ্যগ্রহণ শেষ হয় চলতি বছরের ১৩ জানুয়ারি। এরপর ২০ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত চলে যুক্তিতর্ক উপস্থাপন। ওইদিন মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল-২। পরবর্তীতে ৫ মার্চ রায়ের তারিখ নির্ধারণ করা হয়।
রায় ঘোষণা ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
বাংলাধারা/এসআর
