ঢাকা, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

দিল্লিতে আজ খলিলুর-জয়শঙ্কর বৈঠক, আলোচনায় দ্বিপাক্ষিক নানা ইস্যু

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ০৮, ২০২৬, ১০:৫৮ দুপুর  

ছবি: সংগৃহিত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ (৮ এপ্রিল) গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। স্থানীয় সময় দুপুর ১টায় হায়দ্রাবাদ হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং দিল্লিতে নিযুক্ত হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত থাকবেন।

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারে এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় আসবে। এর মধ্যে রয়েছে, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা বন্ধ এবং বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা সহজীকরণ।

এছাড়া, আলোচনায় থাকতে পারে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় অভিযুক্তদের প্রত্যর্পণ, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক দণ্ডপ্রাপ্ত নেতাদের দেশে ফেরানো এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থন।

আঞ্চলিক ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতি এবং এর প্রভাব নিয়েও দুই দেশের মধ্যে মতবিনিময় হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিন বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

মূলত ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে মরিশাস যাওয়ার পথে দিল্লিতে অবস্থান করছেন ড. খলিলুর রহমান। সরকার এই সফরকে ‘শুভেচ্ছা সফর’ হিসেবে উল্লেখ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর।

দিল্লির আনুষ্ঠানিক বৈঠক শেষে আগামী ৯ এপ্রিল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একই ফ্লাইটে মরিশাস যাওয়ার কথা রয়েছে। এই সফরকে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, আনুষ্ঠানিক বৈঠকের বাইরে এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে সহায়ক হতে পারে।

বাংলাধারা/এসআর