ভোলায় গ্রেপ্তার সেই নারী কর্মীর জামিন
প্রকাশিত: এপ্রিল ০৭, ২০২৬, ০৩:৩১ দুপুর
ছবি: সংগৃহিত
ভোলায় গ্রেপ্তার হওয়া আলোচিত জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা (৩৭) জামিন পেয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু তার জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ।
এর আগে, গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি রোডের ‘ক্ষণিকালয়’ নামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার আব্দুল হালিম বাবুলের স্ত্রী। পরদিন সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পরে মঙ্গলবার আদালতে হাজির করা হলে তার পক্ষে জামিন আবেদন করা হয় এবং আদালত তা মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের আগে বিবি সাওদা তার ফেসবুক আইডি ‘Sawoda Sumi’ থেকে বিভিন্ন সময় রাষ্ট্র ও সরকারের সমালোচনামূলক পোস্ট করেন। সর্বশেষ এক পোস্টে তিনি বিদেশ থেকে জ্বালানি তেল আমদানি নিয়ে প্রশ্ন তোলেন, যা সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, এসব পোস্টের কারণে ভোলা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে। জিজ্ঞাসাবাদে তিনি ফেসবুক পোস্টগুলোর সত্যতা স্বীকার করে জানান, ভিউ বাড়ানোর উদ্দেশ্যে সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে এসব পোস্ট করেছেন।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা সংশ্লিষ্ট আইনে শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তাধীন থাকায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত জেলহাজতে রাখার আবেদন করা হয়েছিল।
তবে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
বাংলাধারা/এসআর
