ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, একাধিক এলাকায় বিস্ফোরণ
প্রকাশিত: এপ্রিল ০৭, ২০২৬, ০৩:৪৪ দুপুর
ছবি: সংগৃহিত
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ এই হামলায় মধ্য ইসরায়েলের কয়েকটি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
উদ্ধারকর্মীরা জানান, রোস হাইন, রামাত হাসহারনসহ মধ্যাঞ্চলের একাধিক স্থানে আঘাত হানে ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ। হামলার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা শুরু করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের আঘাতে একটি গাড়ি উল্টে গেছে এবং আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রটি ছিল ব্যালিস্টিক মিসাইল। হামলার সময় মধ্য ইসরায়েলের পাশাপাশি দক্ষিণাঞ্চলের ইলাত শহরেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে ইলাতমুখী ক্ষেপণাস্ত্রটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে বলে জানা গেছে।
সাম্প্রতিক এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বাংলাধারা/এসআর
