টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননায় কনকচাঁপা
প্রকাশিত: এপ্রিল ০৮, ২০২৬, ০৪:৫৬ দুপুর
ছবি: সংগৃহিত
দেশের সংগীতাঙ্গনের তারকাখচিত মিলনমেলায় পরিণত হয়েছিল বগুড়ার পাঁচতারা হোটেল ও রিসোর্ট ‘মমো ইন’-এর খোলা প্রাঙ্গণ। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত হয় ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড।
এবারের আসরে সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি মঞ্চে তার নাম ঘোষণা করলে করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
পরে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কনকচাঁপার হাতে উত্তরীয়, সম্মাননা স্মারক ও চেক তুলে দেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তাপ্রধান শাইখ সিরাজ, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, ইমপ্রেস চ্যানেল আইয়ের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদারসহ বিশিষ্টজনরা।
এদিকে বিশেষ সম্মাননা পেয়েছেন লোকসংগীতের গুণী শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। তার নাম ঘোষণা করেন অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন। মঞ্চে উপস্থিত অতিথিরা তাকে সম্মাননা স্মারক ও চেক প্রদান করেন।
পুরস্কার বিতরণের পাশাপাশি মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন তানভীর আলম সজীব ও তার দল, মেহরীন, মাহতিম সাকিব, খুরশীদ আলম, বাপ্পি, লিজা, সাব্বির, লুইপা, শওকত হায়াত খান, ইমরান, কোনাল, অনন্যা, বিউটি, সালমা, আতিয়া আনিসা, শফিক তুহিন, ঝিলিক, কিশোরসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা আদর আজাদও।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সংগীতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের পরিবেশনা, যা দর্শকদের মুগ্ধতায় ভরিয়ে তোলে পুরো আয়োজন।
অনুষ্ঠানটির প্রকল্প পরিচালক ছিলেন রাজু আলীম। সঞ্চালনায় ছিলেন অপু মাহফুজ ও নীল হুরেজাহান।
বাংলাধারা/এসআর
