ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

বগুড়া-৬ উপনির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বিএনপির বাদশা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ০৯, ২০২৬, ০৯:২৯ রাত  

ছবি: সংগৃহিত

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী ও জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ১৫০টি কেন্দ্রের সবকটির ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। পৌরসভার ২১টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত আসনটিতে মোট কেন্দ্র ছিল ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী বুথ। নির্বাচনে মোট ১ লাখ ৯৩ হাজার ২৯৯টি ভোট পড়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বিজয়ী হয়েছিলেন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন, যার পরিপ্রেক্ষিতেই অনুষ্ঠিত হয় এই উপনির্বাচন।

বাংলাধারা/এসআর