সপ্তাহে তিন দিন সশরীরে, বাকি দিন অনলাইনে ক্লাস : শিক্ষামন্ত্রী
প্রকাশিত: এপ্রিল ০৯, ২০২৬, ০৪:০৯ দুপুর
ছবি: সংগৃহিত
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদানের নতুন কাঠামো ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা সপ্তাহে তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে উপস্থিত থাকবে, আর বাকি কার্যদিবসগুলোতে ক্লাস চলবে অনলাইনে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী জানান, শনি, সোম ও বুধবার সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্য কার্যদিবসগুলোতে অনলাইন ক্লাস নেওয়া হবে, আর শুক্রবার থাকবে সাপ্তাহিক ছুটি।
শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ বোর্ড পরীক্ষা প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। প্রশ্ন প্রণয়ন থেকে ফল প্রকাশ পর্যন্ত সময়সাপেক্ষ এই প্রক্রিয়ায় সংশ্লিষ্টরা সুবিধা পেলেও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে—এ অবস্থা পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষক ও শিক্ষা প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, মেধাবী শিক্ষকদের প্রশাসনিক কাজে ব্যস্ত না রেখে শ্রেণিকক্ষে পাঠদানে যুক্ত করা জরুরি। একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু পরিদর্শকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের কথা উল্লেখ করে তিনি কঠোর নজরদারির ইঙ্গিত দেন।
বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের দেশে সেই জ্ঞান প্রয়োগে অনীহা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি নির্দেশ দেন, শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অন্তত তিন বছর একই পদে কাজ করতে হবে, যাতে ধারাবাহিকতা বজায় থাকে।
ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনিয়ম নিয়েও সতর্ক করেন তিনি। যথাযথ লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে উল্লেখ করেন মন্ত্রী। পাশাপাশি ‘ডিজিটাল নকল’ প্রতিরোধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
নতুন এই সময়সূচি শিক্ষাব্যবস্থায় প্রযুক্তিনির্ভরতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাধারা/এসআর
