রেলে যুক্ত হচ্ছে ২০০ ব্রডগেজ কোচ, বাড়বে আন্তঃনগর ট্রেনের সংখ্যা : মন্ত্রী
প্রকাশিত: এপ্রিল ০৯, ২০২৬, ০৪:৫৩ দুপুর
ছবি: সংগৃহিত
দেশের রেল খাতে নতুন গতি আনতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছর থেকেই ভারত থেকে ২০০টি ব্রডগেজ কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। নতুন কোচ যুক্ত হলে আন্তঃনগর ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এই কোচগুলো সংগ্রহ করা হচ্ছে। প্রকল্পের আওতায় ২০২৬ সালের জুন থেকে শুরু করে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে ২০০টি ব্রডগেজ ক্যারেজ দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। কোচগুলো হাতে পাওয়ার পর নতুন ট্রেন চালুর লক্ষ্যে রুট নির্ধারণে কাজ শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।
বর্তমান রেল নেটওয়ার্কের চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, দেশে মোট ৩ হাজার ৪২৮ দশমিক ৯ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে মিটারগেজ ১,৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার, ব্রডগেজ ১,০৬৬ দশমিক ৬০ কিলোমিটার এবং ডুয়ালগেজ ৭৭০ দশমিক ০৬ কিলোমিটার। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ব্রডগেজ ও ডুয়ালগেজ লাইনের সম্প্রসারণ কাজও চলমান রয়েছে।
উত্তরবঙ্গের রেল যোগাযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ঢাকা থেকে ওই অঞ্চলের বিভিন্ন জেলায় ১৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। নতুন কোচ যুক্ত হলে উত্তরবঙ্গের আরও কয়েকটি জেলায় ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা যাত্রীসেবার মানোন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাধারা/এসআর
