ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

রাজধানীতে সবজির দামে ঊর্ধ্বগতি, ভোক্তাদের চাপ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১১:৫২ দুপুর  

ছবি: সংগৃহিত

রাজধানীর বাজারে আবারও বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের তুলনায় প্রায় প্রতিটি সবজিই এখন বেশি দামে বিক্রি হচ্ছে। সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন ব্যয় বৃদ্ধিকে এই দাম বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন বিক্রেতারা।

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজির দামে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা গেছে।

বর্তমানে প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, পেঁপে ৬০ টাকা, চিচিঙ্গা ও করলা ১০০ টাকা করে। মুলা বিক্রি হচ্ছে ৫০ টাকা, শসা ৬০ টাকা, শিম ৮০ টাকা এবং পটল ১০০ টাকায়।

এ ছাড়া ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ টাকা, টমেটো ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাঁধাকপি প্রতি পিস ৪০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি ৮০ টাকা কেজি, লাউ ৭০ থেকে ৮০ টাকা পিস এবং সজিনা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কলা প্রতি হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

শান্তিনগর বাজারে কেনাকাটা করতে আসা সরকারি চাকরিজীবী মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “গত সপ্তাহে যেসব সবজি কম দামে কিনেছি, আজ সেগুলোর দাম অনেকটাই বেশি। কয়েকদিন ধরেই বাজারে সবজির দাম বাড়তি।”

অন্যদিকে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা আফজাল হোসেন মৃধা জানান, পাইকারি বাজারেই সবজির দাম বেড়ে গেছে। তিনি বলেন, “জ্বালানির সংকটের কারণে পরিবহন খরচ বেড়েছে। পাশাপাশি অনেক সবজির মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কমেছে। এ কারণে গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।”

বিক্রেতারা আশা করছেন, নতুন মৌসুমের সবজি বাজারে আসতে শুরু করলে সরবরাহ বাড়বে এবং তখন দাম কিছুটা কমে আসতে পারে। তবে আপাতত বাড়তি দামের চাপেই নিত্যপ্রয়োজনীয় এই পণ্য কিনতে হচ্ছে ভোক্তাদের।

বাংলাধারা/এসআর