ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

জবি শিক্ষককে হত্যার হুমকি, গ্রেপ্তার মাহিম কারাগারে

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৮:২৩ রাত  

ছবি: সংগৃহিত

ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষককে হত্যার হুমকি এবং তার বাবাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি এহসানুর হক মাহিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহমদ এ আদেশ দেন। এর আগে পুলিশ মাহিমকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন জানায়। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কালিন্দী ইউনিয়নের মাদারীপুর সড়ক-২ এলাকায় জবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাইসুল ইসলামের বাড়ির সামনে আড্ডা ও মাদক সেবন করতেন মাহিম। এ নিয়ে আপত্তি জানালে তিনি বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারকে হুমকি দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে রাইসুল ইসলামের বাবা নজরুল ইসলাম ওই স্থানে আড্ডা দিতে নিষেধ করলে মাহিম ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করেন। এতে নজরুল ইসলামের চোখের নিচে রক্তাক্ত জখম হয়। একই সময় তার পকেট থেকে নগদ ৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।

চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে এলে শিক্ষক রাইসুল ইসলামকেও হত্যার হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যান মাহিম।

এ ঘটনায় ভুক্তভোগী রাইসুল ইসলাম বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত মাহিমকে গ্রেপ্তার করে পুলিশ।

বাংলাধারা/এসআর